১১ সেপ্টেম্বর ২০১৪ - ০২:২৩
ইরান-রাশিয়া ৭,০০০ কোটি ইউরোর বাণিজ্য চুক্তি সই

ইরান ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য এবং অথনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য ৭,০০০ কোটি ইউরোর চুক্তি সই হয়েছে।

আবনা : ইরান ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য এবং অথনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য ৭,০০০ কোটি ইউরোর চুক্তি সই হয়েছে।
রাশিয়ার বাণিজ্যমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতরাতে ইরানের রাজধানী তেহরানে এ তথ্য জানিয়েছেন। ইরান-রাশিয়া বাণিজ্য সহযোগিতা কমিশনের ১১তম বৈঠক অনুষ্ঠানের পর তিনি এ ঘোষণা দেন। আলেকজান্ডার নোভাক জানান, যৌথ এ বৈঠকে রাশিয়ার ৪০টি কোম্পানির প্রতিনিধি যোগ দিয়েছেন। তবে, কোন কোন ক্ষেত্রে এ চুক্তি বলবত হবে তা স্পষ্ট করেন নি তিনি।
নোভাক বলেন, ইরানে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা রপ্তানি করতে প্রস্তুত রয়েছে রাশিয়া এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা আমদানি করতেও প্রস্তুত তারা। নোভাক আরো জানান, তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া ইরানের তেল ও গ্যাসের বাজার নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। তিনি জানান, ইরানের বাণিজ্য সহযোগিতা বিষয়ে কিছু নিয়ম-কানুন রদবদল করলে রাশিয়া ইরানের তেল শিল্পে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। রুশ বাণিজ্যমন্ত্রী জানান, খুব শিগগিরি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।#